হাবড়ায় ভোট প্রচারে নজর কাড়ছেন জোটের সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্র। এবারে জেলার মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র এই হাবড়া বিধানসভা কেন্দ্র। এবারে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই। একদিকে এই কেন্দ্রে বাম-কংগ্রেস-আব্বাস জোটের তরফে রয়েছেন সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস। অন্যদিকে তৃণমূলের প্রার্থী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রয়েছেন বিজেপির প্রার্থী রাহুল সিনহাও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে থাকা এই হাবড়া কেন্দ্রে প্রচারের ময়দানে রীতিমতো নজর কাড়ছেন সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস।
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিনি গ্রামীণ হাবড়া থেকে শহর হাবড়ার প্রতিটি কোনায় কোনায় প্রচার চালিয়ে চলেছেন। বুধবার তিনি হাবড়ার দেশবন্ধু পার্ক ও ঝরঝরিয়াতলা সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। শুনলেন তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথাও। ভোটে জিতে এলাকার মানুষের সমস্যা সামাধান হবেই তার মূল কাজ।
মূলত হাবড়ার ভূমিপুত্র হিসাবে ঋজিনন্দন বিশ্বাস অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। তার উপর শিক্ষা জগতের সঙ্গে জড়িত ঋজিনন্দনের স্বচ্ছ ভাবমূর্তি এলাকার মানুষের কাছে যথেষ্ট গ্রহনযোগ্য জায়গায় রয়েছে বলেও মনে করছেন এলাকার অনেকে।
এবারের নির্বাচনে বামেদের পাশাপাশি কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থন নিয়ে প্রতিদ্বন্ধিতার জায়গায় বেশ শক্ত মাটির উপরেই তিনি দাঁড়িয়ে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশও। প্রচারের ফাঁকে ঋজিনন্দন জানালেন, তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। হাবড়াবাসীর উন্নয়নকে পাখির চোখ করে তিনি এলাকার মানুষের রাতদিনের সঙ্গী হিসাবেই আগামী দিনে থাকতে চান বলে জানালেন।

Post a Comment